Tag Archives: কুমিল্লা নগরী

রহস্যজনকভাবে বন্ধ কুমেকের পিসিআর ল্যাব, বলা হচ্ছে ল্যাবে ভাইরাস

স্টাফ রিপোর্টারঃ

ভাইরাস ছড়িয়ে পড়ার ঘোষণা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে গত ৬ দিন ধরে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা বন্ধ রয়েছে।

ওই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রাখার ফলে জেলা সিভিল সার্জন কার্যালয় কোনো পরীক্ষার ফল পাচ্ছে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের ল্যাব থেকে বিদেশগামী কিছু নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এ অবস্থায় করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনরা ভোগান্তিতে রয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ করোনা শনাক্তের পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর থেকে ল্যাবে সমস্যা দেখা দেয়। ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে আমরা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন ঢাকা থেকে লোকজন এসে এটি ঠিক করার পর ল্যাব চালু সম্ভব। তবে কবে নাগাদ ল্যাব চালু হবে এব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, গত ৩০ নভেম্বর থেকে আমরা করোনার কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাচ্ছি না। ল্যাবে সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা চট্টগ্রাম ও নোয়াখালীতে প্রবাসীদের কিছু নমুনা পাঠিয়েছিলাম। সেখান থেকে কিছু পরীক্ষার ফল এসেছে।

কুমেক সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ১৭ এপ্রিল মেশিন আনা হয়। ২৬ এপ্রিল ল্যাব স্থাপনের কাজ শেষ হয়। ২৯ এপ্রিল থেকে একটি পিসিআর যন্ত্রে নমুনা পরীক্ষা শুরু হয়। পরে আরও একটি যন্ত্র যুক্ত করা হয়। এরপর থেকে দুটি যন্ত্র দিয়ে নমুনা পরীক্ষা চলতে থাকে।

এদিকে করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অনেকেই দাবী করেন-কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য সঠিক নয়।নগরীর দুটি বেসরকারি ল্যাবে করোনার পরীক্ষার সুযোগ করে দিতে কুমেকের ল্যাব রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছেন।

খাল ভরাট করে সড়ক চায় না কুসিক, মানছে না সওজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চার লেনে উন্নীত করার জন্য শহরের পানি অপসারণের কান্দিখাল ভরাট করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।কিছু অংশ ভরাটের পর বর্তমানে খালটি সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে।

কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বজ্র ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সওজ কর্তৃক খাল ভরাটের কারণে পানি অপসারণ প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় কুমিল্লায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষার মৌসুমে প্রবল বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তবে সওজ এর প্রকৌশলী কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শহরের পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক। এমনকি যে অংশে মাটি ফেলানো হয়েছে, সেগুলোও অপসারণ করা হোক দ্রুত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর টমছমব্রিজ থেকে কচুয়া চৌমুহনী সড়কের পাশের কান্দিখালটির সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মনগড়াভাবে মাটি দিয়ে ভরাটে খালটি সরু হয়ে গেছে। পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছে ঘটনাস্থলে্বং তারা গিয়ে কাজ বন্ধ করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তে আসে যে, বৃহস্পতিবার সিটি করপোরেশন এবং সওজ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন।

সিটি মেয়র বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, খাল ভরাট শুরুর আগে সিটি করপোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ কোনও যোগাযোগ করেনি।’

সিটি করপোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি। অন্যের জায়গায় আমি এক চুলও যাবো না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাবো কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাচাঁতে হলে সিটি করপোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে অভিযোগ করবো। প্রয়োজন হলে সড়কের মন্ত্রণালয়েও অভিযোগ করবো এই বিষয়ে।’

নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে সদ্য বিবিএ কমপ্লিট করা এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছে। সে নগরীর ১০ নং ওয়ার্ডের ইদ্রিস মেহেদীর মেয়ে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টায় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কার্যালয়ের সামনে বহুতল ভবনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার দুপুর দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো।

গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে।

স্থানীয়দের ধারণা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। কেউ কেউ বলছে সম্প্রতি তার প্রেমিকের অন্যস্থানে বিয়ে হয়েছে। এতে করে সে ক্ষুব্ধ ছিল ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মাস্ক না পরায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের পক্ষ থেকে অনেককে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কান্দিরপাড়, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো সাধারন জনগন মেনে চলছেন কিনা বিশেষ করে মাস্ক ব্যবহার করছে কিনা সেটি দেখতেই প্রতিদিনের মত আজকের অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক ছাড়া চলাচল করায় সতর্কতামুলক বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এটা মুলত প্রতিকি জরিমানা যার উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সচেতন করা। আমাদের এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে, লোকজনকে সচেতন করে মাস্ক যেন সবাই ব্যবহার করে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে এটা নিশ্চিত করতে চেষ্টা করবো।

কুমিল্লায় আজ করোনা শনাক্ত ৪১ জনের, প্রাণ গেল ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৬ জনে।

আজকের রিপোর্টে সিটি কর্পোরেশনের ১ জন, দেবিদ্বারের ১ জন, হোমনার ১ জনের মৃত্যুসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ২০ জন, বুড়িচংয়ে ৬ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৩ জন, মুরাদনগরে ৩ জন, তিতাসে ২ জন, মনোহরগঞ্জে ১ জন, হোমনায় ১ জন, চান্দিনার ১ জন ও দেবিদ্বারের ১ জন।

আজকের রিপোর্টে ৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৫ জন ও আদর্শ সদরের ৩ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৪৯৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ১৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৩ হাজার ৭৪৯ জনের। এর মধ্যে ৮ হাজার ৪৯৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মেডিকেল সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা, অদক্ষ, কোন শিক্ষাগত যোগ্যতাহীন লোক দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও ভূয়া ডাক্তারী রিপোর্ট প্রদানের অভিযোগে ঝাউতলায় আতিকা মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা এবং পুলিশ লাইনের সেবা ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্হ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় আতিকা মেডিকেল সেন্টারকে লাইসেন্স করার জন্য ১ মাস সময় দেওয়া হয় এবং সেবা ডায়াগনস্টিককে সাময়িক সিলগালা করা হয়।

সোমবারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর, কুমিল্লা এস,এম,মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডাঃহাসান মাহমুদ ও পুলিশ বিভাগের সদস্য।

নগরীর বিভিন্ন এলাকায় ৩৬টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণসহ বকেয়া বিল পরিশোধে অভিযান পরিচালনা করেন বাখরাবাদ গ্যাগ সিস্টেম এণ্ড লিমিটেড।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্জিনিয়ার ফজলে রাব্বি ও উপব্যবস্থাপক (পার্সোনাল) আনিসুর রশিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজ সংলগ্ন অংকুর হাউজিংয়ে ৪টি অনুমোদিত সংযোগে প্রায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। স্বত্বাধিকারী সত্য নারায়ণ প্রথমে ২৮টি লাইনের স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে ৩৬টি অবৈধ গ্যাস সংযোগে বিছিন্ন করা হয়।

নগরীর রাণীর দিঘির পাড় গৌরিপুর হাউজে ৪টি অবৈধ সংযোগ, চকবাজার এম এম প্লাজায় ৪টি অবৈধ সংযোগ, তার পাশেই মৈত্রী টাওয়ারে ১টি অবৈধ সংযোগ ও নগরীর ১৫ নং ওয়ার্ডে কাশারীপট্টি এলাকায় আয়শা বেগমের বাড়িতে ১টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এ বিষয়ে প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে জানান, বাখরাবাদ গ্যাগ সিস্টেমের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নগরীর অশোকতলা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।

শনিবার সকালে সরকারি ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেট ব্যবহার করে মাইক্রোবাসে করে উক্ত সিগারেট বাজারজাত করার সময় নগরীর অশোকতলা থেকে দুই প্রতারককে আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ প্যাকেট অবৈধ PILOT সিগারেট উদ্ধার করা হয়। বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (২১) এবং একই উপজেলার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০)।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লা শহরে নতুন করোনা শনাক্ত ২০ জনের, চান্দিনায় ৩ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) আজকের রিপোর্টে নতুন কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৩১ জনেই আছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা শহরে ২০জন, চান্দিনায় ৩ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৩ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে  ৪৩  হাজার  ১৫ জনের। এর মধ্যে ৮  হাজার ৩৩৫  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৩১ জন এবং সুস্থ হয়েছে ৭  হাজার  ৪২৮ জন।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।