Tag Archives: দাউদকান্দি

 জামাল হত্যাকান্ডে জড়িত সোহেলসহ ৩ জন গ্রেফতার, বিদেশে পালিয়েছে ৫ জন

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লার দাউদকান্দিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম মাষ্টারমাইন্ড সোহেল সিকদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া ৫ আসামি বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে একাধিক সূত্র জানায়। এতে করে কিলিংয়ে অংশ নেওয়া আসামিরা গ্রেফতার না হওয়ার আশংকা রয়েছে।

রবিবার (৭ মে) বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৩৬), তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামের মো: আক্তার হোসেন শিকদারের ছেলে মোঃ শাহীনুল ইসলাম @সোহেল শিকদার (৪০) দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে শাহ আলম @পা কাটা আলম (৩৬)।

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪৫) খুন হন। ঐ দিন রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় ০৩ জন বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পনানুযায়ী গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় জামাল হোসেনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময়ে বোরকা পরিহিত হামলাকারীরা জামালের উপর এলোপাথাড়িভাবে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অতঃপর জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত জামালকে ঘটনাস্থলের উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। হত্যাকান্ডের পরপরই র‌্যাব-১১ ও র‌্যাব সদর দপ্তরের একাধিক গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামীদের সনাক্তকরণের নিমিত্তে কাজ শুরু করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় গত ০২ মে নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল ও ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বোরকা পরিহিত ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী স্বাভাবিক পথচারীর বেশে ঘটনাস্থলে আসে। এ সময়ে ভিক্টিম জামাল , হত্যায় জড়িত ৩ নং আসামী মোঃ ইসমাইল (৩৬) ও এলাকার পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে একটি দোকানের সামনে অবস্থান করছিল। বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থলে পৌঁছে অতর্কিত ভিকটিম জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ভিকটিম জামাল এর সাথে বোরকা পরিহিত একজন অস্ত্রধারী সন্ত্রাসীর ধস্তাধস্তি হয় এবং ভিকটিম জামাল তাকে ঝাপটে ধরে ফেলে। তখন সাথে থাকা বোরকা পরিহিত অপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী জামালকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বোরকা পরিহিত অপর ব্যক্তি তার সাথে থাকা পিস্তল দিয়ে ভিকটিম জামালকে খুব কাছ থেকে মাথায় ও বুকে গুলি করে দ্রুত ঐ স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামীরা দৌড়ে পালানোর সময় একজনের বোরকার মুখের আবরণ খুলে যায় ও একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে একজন আসামীর হাত থেকে তার সাথে থাকা আগ্নেয়াস্ত্রটি মাঠিতে পড়ে যায়। পরবর্তীতে অস্ত্র কুড়িয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, আমরা ঘটনাস্থলের আশেপাশের আরো কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পাই ঘটনাস্থলে আসার যে রাস্তা আসামীরা ব্যবহার করেছে সেই একই রাস্তায় ঘটনাস্থল ত্যাগ না করে সামান্য পরিবর্তিত রাস্তায় তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এই ফুটেজটি বিশ্লেষণ করে আমরা আসামীদের হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বোরকা ও দুইটি হিজাব উদ্ধার করতে সক্ষম হই এবং বোরকা উদ্ধারের নিকটবর্তী একটি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই তিনজন ব্যক্তি যাদের মুখমন্ডল দেখা না গেলেও অবয়ব দেখে বোঝা যায় তারা দ্রুতগতিতে হেটে চলে যাচ্ছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিলিং মিশনে অংশগ্রহণকারী বোরকা পরিহিত ব্যক্তিদেরকে আমরা মোটামুটি নিশ্চিতভাবে সনাক্ত করতে পেরেছি। তবে তদন্ত ও গ্রেফতারের বিষয়টি মাথায় রেখে এই মূহুর্তে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না।

সকল তথ্য উপাত্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মাঠ পর্যায় হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ মে দিনে ও রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকা, ঢাকা জেলার রায়েরবাগ এলাকা ও কালশী, মিরপুর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৩ নং আসামী মোঃ ইসমাইল, ৪ নং আসামী মোঃ শাহীনুল ইসলাম @সোহেল শিকদার এবং ৭ নং আসামী শাহ আলম @পা কাটা আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জামালের হত্যার বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল এর বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ মোট ৩ টি মামলা, শাহীনুল ইসলাম @সোহেল শিকদার এর বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ মোট ৯ টি মামলা ও মোঃ শাহ আলম এর বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, এই মামলার এজাহারভুক্ত ০৯ জন আসামীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এজাহারনামীয় ০১ নং আসামী সুজন নেপালে, ০২ নং আসামী আরিফ নেপালে, ০৫ নং আসামী বাদল দুবাইতে, ০৬ নং আসামী শাকিল ভারতে, ০৮ নং আসামী অলি হাসান সৌদি আরবে পালিয়েছে ও ০৯ নং আসামী কালা মনির পলাতক অবস্থায় আত্নগোপনে রয়েছে। বিদেশে অবস্থানরত আসামীদের দেশে ফেরাতে এবং হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর প্রচেষ্টা চলমান রয়েছে বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত আসামীদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

দাউদকান্দিতে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে মামলা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ কনস্টেবল রাহেজুল আমিন বাধঁন (৩০) হত্যার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাশরা গ্রামের ঘটনায় পরদিন সোমবার রাতে নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি করেন।

মামলায় এজাহারভূক্ত ৬৯ জন ছাড়াও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলার এজারভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের বাশরা গ্রামের জোহর আলীর ছেলে জসিম মির্জা, বাদশা মিয়ার ছেলে আব্দুল বাতেন ও মৃত আবুল কালামের ছেলে ইব্রাহিম ওরফে গেনা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বাশরা গ্রামে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বাধনের সাথে একই গ্রামের হাসেম খান, সাদ্দাম, মানিক ও ফরহাদ গংদের সাথে দ্বন্দ্ব চলছিল। উভয়ের মধ্যে একাধিক মামলাও রয়েছে। বাধন পুলিশের কনস্টেবল পদে নোয়াখালী জেলা পুলিশে কর্মরত ছিল। দুই বছর আগে তাকে বরখাস্থ করা হয়। এরপরই বাধন এলাকায় বেপরোয়া হয়ে যায় বলে স্থানীয়রা জানায়। ২০২১ সালে বাশরাসহ আশপাশের কয়েক গ্রামের লোকজন বাধনের অত্যাচার থেকে রক্ষা পেতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল। এর কিছুদিন পর এলাকার লোকজন বাধনের বাড়ী ঘেরাও করলে ওইসময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।

গত রবিবার (২৩ এপ্রিল) সকালে বাশরা গ্রামের বাড্ডাবাড়ীতে হামলা করে বাধন ও তার লোকজন। হামলায় ওই বাড়ীর নুরু মিয়ার ছেলে হাছান আহত হয়। এই ঘটনার জের ধরে দুপুর ১২টায় এলাকার লোকজন বাধনের বাড়ীতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের দরজা জানালা ভেঙে তার ঘরে প্রবেশ করে বিক্ষুব্ধ লোকজন। রামদা লাঠিসোটা দেখে ভয়ে বাধন বাচার জন্য পাশের রফিকুল ইসলামের দালানের একটি রুমে আশ্রয় নিলেও সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে দালানের প্রধান ফটকের সামনে এলোপাতাড়িভাবে কুপিয়ে বাধন, তার মা এবং ভাইকে মারাত্মকভাবে জখম করে। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পর বাধন মারা যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, বাধন হত্যার ঘটনায় সোমবার রাতে মামলা নেয়া হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাধন পুলিশের কনস্টেবল পদে নোয়াখালী জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিভিন্ন অভিযোগে দুই বছর আগে বরখাস্ত হয়। এ হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ৮ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০). মো. সোহাগ (২৮), মো.ইয়াছিন আরাফাত সাকিব (২৩), সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একইদিন ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি হায়েস তল্লাশি করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করত একই এলাকার সুমন। একই সাথে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল।

গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার যাদবপুর গ্রামে ভিকটিমের বাড়িতে যায় সুমন ও তার ৪-৫ জন সাঙ্গপাঙ্গ। এ সময় তারা ভিকটিমের ভাবিকে মারধরে মোবাইল ফোন, নগদ টাকাসহ ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়

কুমিল্লায় স্ত্রীর পরকীয়ার বলি স্বামী মনির, আসামি নুর আলম গ্রেফতার

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লায় স্ত্রীর পরকীয়ার বলি হয়ে খুন হন স্বামী মনির হোসেন । কুমিল্লা ডিবি পুলিশ রহস্য উদঘাটন করে আসামি নুর আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

নিহত মনির হোসেন (৩৫) দাউদকান্দি উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সিন্দি (ঢালী বাড়ি) এলাকার মৃত. আলাউদ্দিনের ছেলে।

ঘাতক  নুর আলম মিয়া (২৪) দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের  ফজলুর রহমানের ছেলে।

জানা যায়,  চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা  সাড়ে ৭ টায় সবজি ব্যবসায়ী  মোঃ মনির হোসেন (৩৫) সবজি  কেনার উদ্দেশ্যে নিমসার বাজারে যান। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর  জরুরী সেবা ৯৯৯ হতে  সংবাদ পেয়ে বুড়িচং থানা পুলিশ  উপজেলার  মোকাম ইউনিয়নের পরিহল পাড়া চেয়ারম্যান বাড়ির রাস্তার ১০০ গজ পূর্বদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেন।   প্রাথমিকভাবে মৃতদেহের মাথায়, মুখে ও নাকে অনেকগুলো রক্তাক্ত গভীর কাটা জখম দেখা যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয় লোকজনের সাহায্যে মৃতদেহটি সনাক্ত করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠান। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহত মনির হোসেনের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১২।

এ হত্যাকান্ডের পর  মামলাটির ছায়া তদন্ত শুরু করেন জেলা গোয়েন্দা কুমিল্লা। তদন্ত কালে দেখা যায়, ভিকটিম মনির হোসেনের স্ত্রী নাজমা’র সাথে ড্রাইভার নুর আলম মিয়ার সাথে গত দেড় বছর ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল।  এটা নিয়ে ভিকটিমের সাথে স্ত্রী নাজমার মনোমালিন্যের সৃষ্টি হলে ভিকটিমের স্ত্রী নাজমা স্বামীর বাসা থেকে দুই ছেলেকে নিয়ে তার বোন বিউটির বাসায় চলে যায়। সেখানে ঘাতক নুর আলম এর সাথে নাজমার সম্পর্ক আরো গভীর হয়। পরবর্তীতে পারিবারিকভাবে কথা বলে নাজমা পুনরায় বাচ্চাদের নিয়ে তার স্বামীর বাসায় ফিরে আসে। তখন ঘাতক নুর আলম ভিকটিমের স্ত্রী নাজমাকে তার কাছে চলে আসতে বলে। নাজমা স্বামীর ঘর ছেড়ে আর কোথাও যাবে না জানালে ঘাতক নুর আলম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর  ঘাতক নুর আলমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে উক্ত রহস্য উদঘাটন হয়।

গ্রেফতার হওয়া আসামি নুর আলমকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।  ৫ অক্টোবর  আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং রিমান্ডের আবেদন করেন।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। এ ঘটনায় পিকআপ চালক মোঃ আজাদ হোসেনরক (২৩) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড এলাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ তল্লাশী চালিয়ে সাউন্ড বক্সের ভিতর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আজাদ হোসেন ফেনী সদর থানার দুলা মিয়া (পদুয়া দীঘির পাড়) গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সে চৌদ্দগ্রামের ফাল্গুনকরা গ্রামের পারুল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিকআপ তল্লাশী চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভিতরে ১ কেজি করে থাকা ২২ টি পলিথিনের প্যাকেট থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

নাওতলা গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

দাউদকান্দিতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে ডাকাত সন্দেহে অজ্ঞাত(৩০) যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের দক্ষিন নগর গ্রামে এঘটনা ঘটে।

বুধবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার ও দক্ষিন নগর গ্রামের সোহেল মিয়া জানান, গত রমজান মাস থেকে এ পর্যন্ত ৪টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটে আমাদের গ্রামে। তাই গ্রামবাসী পালা করে রাতে পাহাড়া দেয়। মঙ্গলবার রাতে পাহাড়াদাররা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী দলটিকে ধাওয়া করে। এক পর্যায়ে একজন হোচট খেয়ে পড়লে তাকে আটক করে পেটায় গ্রামবাসী।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আনা হয়েছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিবিআই এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার গৌরীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শামসুন্নাহার বেগম (৭৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মার্চ) ভোর ৫টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হলো। গত ১৫ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি। এছাড়া ঘটনাস্থলে মারা যান তিনজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ২৩ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত আহম্মেদ উল্লাহর ছেলে রফিকুল ইসলাম (৭০) ও বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের শিশুপুত্র সাফিনের (৫) মৃত্যু হয়।