Tag Archives: মৃত্যু

ওমানে কাজ করতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ওমানে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা ভবন থেকে পড়ে দেলোয়ার হোসেন রিয়াদ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওমানের দুখুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন রিয়াদ কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিম খা বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিয়াদ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। কিছুদিনের মধ্যে তার বাড়ি আসার কথা ছিল।

মৃত্যুর খবর আসার পর থেকে রিয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীরর মৃত্যু হয়েছে।

নিহত নাছনীন সুলতানা জিতু (১৩) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিমজাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসত ঘরের নিজ শয়নকক্ষে জিতু মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়ালেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার (৪০) উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ির ফয়েজ উল্লাহ (৪৫) এর সাথে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। আজ দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহ এর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে। এ সময় রাফির কাঠের লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার বুড়িচংয়ে জনতা পরিবহনের বাসচাপায় ২ যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিউ জনতা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচংয়ের শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়ার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।

নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যেই মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ে ইফতার করার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ে রওনা দেন যোবায়ের হোসেন। কিন্তু সাগর পাড়ে ইফতার করা হলো না তার। ইফতারের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (২৫) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সরফাওতলী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যোবায়ের হোসেনসহ প্রায় ৩০ জন বন্ধু প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় লরির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ২০টি মোটরসাইকেলযোগে বন্ধু-বান্ধব নিয়ে জুমার নামাজের পর চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচে ইফতার করার জন্য রওয়ানা দেয় যোবায়ের। বিকেল ৪টার দিকে বারাইয়ারহাট এলাকায় লরি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, ১২ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মুম্বাই-পুনে হাইওয়ের পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০মিনিটে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুরানো মুম্বাই-পুনে হাইওয়ে থেকে পড়ে খোপোলি থানার সীমানায় স্থানীয় শিংরোবা মন্দিরের কাছে এই বাস দুর্ঘটনা ঘটেছে। এটি প্রাইভেট বাস ছিল এবং একটি সঙ্গীত দলের সদস্যদের বহন করে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল।

বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’ নামের একটি সঙ্গীত গ্রুপ এর সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গোরেগাঁও ফিরছিল। আজ শনিবার রাত ১টার দিকে বাসটি অনুষ্ঠানস্থল ছাড়ে। দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

মৃত ও আহত ব্যাক্তিরা বেশিরভাগই মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। আহতদের স্থানীয় খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ও আহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এবং একটি ট্র্যাকার গ্রুপ এখনও উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। খোপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির অব্যবস্থাপনায় গাছে অগ্নিদগ্ধ শ্রমিক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় অগ্নিদগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক শ্রমিক।

বুধবার (১২ এপ্রিল) সকালে মুমূর্ষু অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। সেখানে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সঙ্কটময়।

আহত শ্রমিকের নাম ইমন (২০) উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ইমন পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটের কারণে শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার সকালে নোয়াখালী সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাজিরটেক রাস্তার মাথায় এলাকায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, সোনাপুর জোনাল অফিসের তত্ত্বাবধানে বৈদ্যুতিক লাইনের উপর ঝুলে পড়া গাছের ডালপালা ছাঁটার জন্য ইমন, নুর উদ্দিন (২৫), নুর নবী, সবুজ (৩০) , আলী, রাকিব (১৮), সেলিমকে শ্রমিক হিসেবে কাজ দেয়া হয়। নিয়ম অনুযায়ী ডালপালা ছাঁটার সময় বৈদ্যুতিক লাইন বন্ধ রাখতে হয়।

ঘটনাস্থলে উপস্থিত নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মোস্তফা ও মোজাম্মেল এবং লাইন বন্ধ করার দায়িত্বে থাকা আপন বাবু নামের এক কর্মকর্তা লাইন বন্ধ রাখার নিশ্চয়তা প্রদান করলে ইমনসহ অন্যান্যরা গাছে উঠে ডালপালা ছাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ গাছের একটি ডাল বৈদ্যুতিক লাইনের উপর পড়লে মুহুর্তে আগুন ধরে যায় এবং গাছে থাকা ইমন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। আগুনে তার ঘাড়ের বেশিরভাগ অংশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক শ্রমিক নুর উদ্দিন বলেন, মোস্তফা ও মোজাম্মেল আমাদের লাইন বন্ধ হয়েছে বলে ডালপালা কাটার নির্দেশ দেয়। তখনও লাইন বন্ধ হয়নি। তারা ইচ্ছে করেই এমন কাজ করেছে।

শ্রমিক নুর উদ্দিন বলেন, লাইন বন্ধের কথা বলে আমাদেরকে গাছে উঠতে বললে আমরা ডালপালা কাটা শুরু করি। তারা লাইন বন্ধ না করে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সোনাপুর জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্র বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে শেষে এ বিষয়ে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ২ জনের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আল আমিন (১৪) উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, দুপুরে একটি ইটবোঝাই ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।

লাকসামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ যুবকের মৃ’ত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।

নি’হতরা হলেন, কুমিল্লার লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের প্রয়াত জহরলালের ছেলে মোটরসাইকেল চালক শান্ত সিংহ শাওন (২৫) ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে মোটরসাইকেল আরোহী চয়ন সিংহ (২৪)।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানান, রাত ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে মোটরসাইকেল যোগে আলিশ্বর বাড়ি ফিরছিলেন শান্ত সিংহ ও চয়ন সিংহ। এক পর্যায় আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই যুবক নি’হত হন।

খবর পেয়ে দু’র্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নি’হতদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নি’হতদের ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।

স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।